ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শনিবারের তুলনায় দিনের তাপমাত্রা কিছুটা কমেছে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। একদিন আগে শনিবার যা যশোরে ছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ যশোরে সর্বোচ্চ তাপমাত্রা কমে হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুঁলিয়ায়। একদিনের ব্যবধানে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার (২১ এপ্রিল) বিকেলে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বণিক বার্তাকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘রোববার চুয়াডাঙ্গা ও পাবনা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে রংপুরেও তাপপ্রবাহ শুরু হয়েছে। চট্টগ্রাম ও সিলেট ছাড়া দেশের বাকি ছয় বিভাগেই তাপপ্রবাহ বইছে।’
ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘রোববার সর্বোচ্চ তাপমাত্রা পাবনার ঈশ্বরদীতে ৪২, রাজশাহীতে ৪১ দশমিক ৫ ও কুষ্টিয়ার কুমারখালীতে ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।’
রংপুর বিভাগের সবগুলো স্টেশনে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে সেখানে তাপপ্রবাহ শুরু হয়েছে জানিয়ে আবুল কালাম মল্লিক বলেন, ‘আগামী ২৩ ও ২৪ এপ্রিলের দিকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে চলতি মাসে তাপপ্রবাহ কমার আর তেমন কোনো সম্ভাবনা নেই। বৃষ্টির কারণে কেবল তাপমাত্রা উঠানামা করতে পারে।’










