সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা। এর আগে টানা কয়েকদিন তাপপ্রবাহ দেখেছে ঢাকাবাসী। অবশ্য এর আগেই দেশের
কয়েকটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে কিছুটা কমতে পারে দিনের
তাপমাত্রা।
গতকাল শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় এক
বিজ্ঞপ্তিতে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাস দেয় আবহাওয়া অফিস। সেখানে সিনপটিক অবস্থা
সম্পর্কে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর
পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার চট্টগ্রাম
ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক
জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে
কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে
আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুল্ক থাকতে পারে।
তাপপ্রবাহ সম্পর্কে বলা হয়, রংপুর,
রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগসহ মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর
ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত
থাকতে পারে।
এছাড়া দেশের পূর্বাংশে দিনের তাপমাত্রা
সামান্য হ্রাস পেতে পারে এবং তা অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের
তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ
করতে পারে।










