স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অর্থনৈতিক, রাজনৈতিক বা কূটনৈতিক নয়। রক্তের বন্ধনে আবদ্ধ আমাদের বন্ধুত্ব। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। এ সম্পর্ক নষ্ট হওয়ার নয়। বিশ্বের অধিকাংশ দেশ যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি; তখন কিন্তু ভারতের আপামর জনগণ বিশ্ব মোড়লদের চোখরাঙানিতে ভীত হয়নি। বাংলাদেশীরা এটা আজীবন স্মরণ রাখবে।
গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যশোর শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার রাজেশ রায়না বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নেতা নন; তিনি এ দুই দেশেরই হিরো।
বাংলাদেশে ভারতীয় দূতাবাসের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের উদ্যোগে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দেশের চারটি স্থানে এ প্রদর্শনী হবে।
খুলনা বিভাগের প্রদর্শনীটি যশোরে অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীতে দেশের প্রতিশ্রুতিশীল চিত্রশিল্পীদের আঁকা বঙ্গবন্ধুর ৩০টি চিত্র স্থান পেয়েছে। আগামী রোববার এ চিত্র প্রদর্শনী শেষ হবে।
ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার রাজেশ রায়নার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকালাদার রেন্টু, যশোর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ জ্ঞান প্রকাশনন্দ মহারাজ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।










