বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। অন্যদিকে মঙ্গোলিয়ার পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ট তামবাযাও।
চুক্তিতে মোট ১১টি অনুচ্ছেদ রয়েছে। এতে দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা অপর পক্ষের ভূখণ্ডে প্রবেশ, বহির্গমন ও ট্রানজিটে সর্বোচ্চ ৩০ দিন ভিসা ছাড়াই থাকতে পারবেন। চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে। যে কোনো পক্ষ ৯০ দিনের লিখিত নোটিশ দিয়ে এর অবসান ঘটাতে পারবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, এ কূটনৈতিক সদিচ্ছাকে ব্যবসা-বাণিজ্যিক যোগাযোগে রূপান্তর করা উচিত। এতে অর্থনৈতিক অংশীদারত্বের পূর্ণ সম্ভাবনা বাস্তবায়িত করা সম্ভব হবে।
মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত গ্যানবোল্ট তামবাযাও বলেন, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতির পাশাপাশি সাধারণ নাগরিকদের ক্ষেত্রেও একই সুবিধা দেয়া যেতে পারে।
মঙ্গোলিয়ার প্রতিনিধিদলে ছিলেন রাষ্ট্রদূত গ্যানবোল্ট তামবাযাও ও মঙ্গোলিয়ায় বাংলাদেশের অনারারি কনস্যুল জেনারেল নাসরিন ফাতেমা আউয়াল। বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ফয়সল আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত উইং) মোহাম্মদ নুরে আলম।
উল্লেখ্য, বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি করে আসছে। এ পর্যন্ত ৩৪ দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।










