চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের ২৩ কর্মীকে কারণ
দর্শানোর নোটিস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাটহাজারী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রের মহড়া ও ধাওয়া-পাল্টাধাওয়ার
ঘটনায় এ ব্যবস্থা নেয়া
হয়েছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য উপাত্ত যাচাই-বাছাই শেষে তাদের চিহ্নিত করে শোকজ করা হয়। পাশাপাশি তাদের পরিবারের কাছেও পাঠানো হয়েছে নোটিস।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও তদন্ত কমিটির সহকারী সচিব মোহাম্মদ রিফাত রহমান জানান, বিভিন্ন তথ্য-উপাত্ত ও ফুটেজ দেখে নিশ্চিত হওয়ার পর ২৩ জনকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে তাদের হল, ডিপার্টমেন্ট ও পরিবারের কাছেও নোটিস পাঠানো হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তাদের কাছে জবাব চাওয়া হয়েছে।
২১ মে বেলা ২টায় চবি শাখা ছাত্রলীগের চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) ও বিজয় গ্রুপের মধ্যে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষ মোটরসাইকেল প্রতীক ও ঘোড়া প্রতীকের পক্ষে কেন্দ্র দখলের চেষ্টা করে। একপর্যায়ে বিজয় গ্রুপের সালাহ উদ্দিনকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে সিএফসির কর্মীরা। এ ঘটনায় পাঁচজন আহত হন।










