মহান বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের।

সোমবার (১৬ ডিসেম্বর) দিনের শুরুতে রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পরে জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্ব সাধারণের জন্য। এরপরে সেখানে নামে হাজারো মানুষের ঢল।

এদিন জাতীয় স্মৃতিসৌধে রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, শিশু-কিশোর ও বয়োবৃদ্ধরা ফুলেল শ্রদ্ধা জানায় বীর শহীদদের।

যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালনে জাতীয়ভাবে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে। বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশনও বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে।