এসএসসির ফল প্রকাশ হবে ১২ মে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। এর ফল জানা যাবে আটদিন পর।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১২ মে প্রকাশ হবে বলে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। তিনি বলেন, ‘আগামী ১২ মে রোববার সকাল ১০টায় গণভবনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এবং ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।’ 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর পরই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন। পরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও স্কুলগুলো থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। 

গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়, শেষ হয় ১২ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন বা দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সে অনুযায়ী, ১২ মের মধ্যেই এসএসসির ফল প্রকাশ করা হচ্ছে।

নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দিয়েছে মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় পরীক্ষা দেয় ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।