ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে ভারত সরকারকে চিঠি দেয়া হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, ভারতকে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি। আমরা তাকে যে ফেরত চাচ্ছি বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে নোট ভারবালের (কূটনৈতিক পত্র) মাধ্যমে জানানো হয়েছে।

এর আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার বিজিবি দিবসে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় উপদেষ্টা জানান, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই তাকে ফেরানো যাবে।