দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট এক হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ ৯১২ ও হামে আক্রান্ত হয়ে ১০০ জন মারা গেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে এক হাজার ৭৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ৩৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে এক লাখ ৪৯ হাজার ৪৭১ জনের শরীরে এবং ১৯ হাজার ৯৬৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। নিশ্চিত হামে আক্রান্ত ও উপসর্গ মিলিয়ে মোট সংখ্যা এক লাখ ৬৯ হাজার ৮২২।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরে রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৫৭ জন। এ ছাড়া বরিশালে ৫৭, চট্টগ্রামে ৬৮, খুলনায় ৩৮, ময়মনসিংহে ৭৭, রাজশাহীতে ৯৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ।