নিজস্ব প্রতিবেদক I


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রাস্তার পাশের বিড়ি, পান ও চায়ের দোকান রাত ১১টার পর বন্ধ করে দিতে হবে। এসব অস্থায়ী দোকানে অপরাধীরা সারা রাত আড্ডা দেয়, সুযোগ পেলেই ছিনতাই করে।

রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে গতকাল সকালে মাসিক (মার্চ) অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন। তিনি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন।

ছিনতাই ও অপরাধ প্রতিরোধে রাতে রাস্তার মোড়ের দোকানগুলোর প্রতি নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘‌অনেক সময় দেখা যায়, এসব অস্থায়ী দোকানে অপরাধীরা সারা রাত আড্ডা দেয়, আর সুযোগ পেলেই ছিনতাই করে। রাস্তার পাশের বিড়ি, পান ও চায়ের দোকান রাত ১১টার পর বন্ধ করে দিতে হবে।’

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘‌রাস্তায় পুলিশের স্টিকার লেখা কোনো গাড়ি দেখলে কর্তব্যরত পুলিশ অবশ্যই যাচাই করবেন। গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে বা ডিএমপির লোগো লাগিয়ে সন্ত্রাসীদের চলাফেরার তথ্য পাওয়া গেছে।’ তিনি আরো বলেন, ‘‌ট্রাফিক নিয়ন্ত্রণ ট্রাফিক বিভাগের একার কাজ, এমনটা ভাবা যাবে না। ক্রাইম বিভাগের যাদের সামনে রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা দেখা যাবে, তিনি সেখানে কাজ করবেন।’

ডিএমপিপ্রধান বলেন, ‘‌কোনো সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠী যেন কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আতঙ্ক সৃষ্টিকারী কোনো কাজ যেন ঢাকা মহানগর এলাকায় না হয়, সেদিকেও সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। এ ধরনের অপরাধচক্রের বিরুদ্ধে কঠোর থাকতে হবে।’

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহার সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।