গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫৫ জনকে গ্রেফতার ও ৬৩টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। তন্মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে দুই পালায় সিটিটিসির ১৪টি, তিন পালায় অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ১২টি এবং ডিএমপির সঙ্গে রাতে র্যা বের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়াও ডিএমপির সঙ্গে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন কর্তৃক ২০টি চেকপোস্ট পরিচালনা করা হয়।
ডিএমপি জানায়, ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৮১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে সাতজন ডাকাত, ১৮ জন ছিনতাইকারী, তিনজন চাঁদাবাজ, ১১ জন চোর, ৩১ জন মাদক কারবারি, ২৭ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত তিনটি চাকু, একটি ছুরি, একটি চাপাতি, দুটি হাসোয়া, পাঁচটি মোবাইল ফোন ও নগদ আট হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে চার কেজি ৯৩৪ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৩৬ পিস ইয়াবা ও পাঁচ বোতল বিদেশী মদ।
গত ২৪ ঘন্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৭৮টি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।










