রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ২০২৪ সালের জন্য হজ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ মে) সকালে আনুষ্ঠানিকভাবে হিজরি ১৪৪৫ সালের হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

হজযাত্রা উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চারণ করেন, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি‘মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক।’ এ সময় হজে গিয়ে দেশ ও দেশের মানুষের সমৃদ্ধির জন্য দোয়া করতে হজযাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশী হজযাত্রীদের বহনকারী হজ ফ্লাইট বৃহস্পতিবার ঢাকা থেকে শুরু হবে। প্রথম হজ ফ্লাইট (বিজি-৩৩০১) ৪১৯ জন হজযাত্রীকে নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে এদিন সকাল ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে হজ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. এ হামিদ জমাদ্দার। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ হুছামুদ্দিন চৌধুরী, বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।