যশোরের অভয়নগরে নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারের বগি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। গতকাল ভোররাতে নওয়াপাড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি। তবে রেল চলাচল স্বাভাবিক।

নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মহসীন রেজা জানান, রোববার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া রেলস্টেশনে দাঁড়ায়। এ সময় ওই ট্রেনের পাওয়ারকারের বগিতে আগুন লেগে যায়। ট্রেনে ও স্টেশনে থাকা অগ্নিনির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় নওয়াপাড়া ফায়ার স্টেশনে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ট্রেনটি যাত্রী নিয়ে ফের খুলনায় ফিরে যায়। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার স্টেশনের অফিসার খান এহসান উল আলম জানান, খবর পেয়ে নওয়াপাড়া রেলস্টেশনে পৌঁছে আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।