ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর চার বছরের সাফল্য তুলে ধরেছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
সোমবার (১৩ মে) দুপুরে গুলশান নগরভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের চার বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব সাফল্য তুলে ধরেন।
তিনি বলেন, যারা ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। মেয়র পদটি ক্ষমতার কোনো উৎস নয়, এটি দায়িত্বের। নগরের প্রত্যেকটি নাগরিকের প্রতি দায়িত্ববোধের। সবার গঠনমূলক সমালোচনাকে আমরা সাদরে গ্রহণ করে সমস্যা উৎরানোর পথ বের করার চেষ্টা করেছি।
মেয়র বলেন, আমার নির্বাচনী ইশতিহার ছিল সবাইকে সঙ্গে নিয়ে একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তোলার। আমি পুরোটা সময় চেষ্টা করেছি আমার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের। বিগত ৪ বছরে যতগুলো সফলতা রয়েছে তার সকল কৃতিত্ব নগরবাসীর। তাই আজ ভালো-মন্দ কাজের বিচারভার প্রিয় নগরবাসীর হাতে তুলে দিলাম।
আতিকুল ইসলাম ইসলাম বলেন, ২ বছরে ২ লাখ গাছ রোপণের ঘোষণা দিয়েছিলাম। গত বর্ষায় (জুন- অক্টোবর) ফুটপাত, মিডিয়া, পার্কসহ, অন্যান্য খোলা জায়গায় প্রায় ৯০ হাজার গাছ লাগানো হয়েছে। অনেকেই হয়তো দেখে থাকবেন গাছগুলো বড় হচ্ছে। কিছু গাছ নষ্ট হয়েছে। এই বর্ষায় আমরা সেগুলো প্রতিস্থাপন করে দেব। এ বছর আরো দেড় লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে। তাদের বিস্তারিত গবেষণাপত্র রয়েছে। ঢাকা শহরের কোন কোন জায়গায় গাছ রোপণ করলে আরো বেশি কার্যকর হবে এই ব্যাপারে আমরা সমঝোতা স্বাক্ষর (এমওইউ) করতে যাচ্ছি।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে কাউন্সিলরদের নেতৃত্বে নাগরিক কমিটি গঠন (প্রতি কাউন্সিলরকে ৫০ হাজার টাকা বরাদ্দ) করে এলাকাভিত্তিক জনসংযোগ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কোটি টাকা জরিমানা আদায় ও কিউলেক্স মশা নিধনে ডিএনসিসি এলাকার খাল ডোবা ও জলাধারের কচুরিপানা পরিষ্কার করা হয়েছে।
মেয়র জানান, গতবার ডেঙ্গুর মৌসুমে বিটিআই আনতে গিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হয়েছিল ডিএনসিসি। এবার তাদের কালো তালিকাভুক্তি করে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএনসিসি নিজেই এবার বিটিআই আমদানি করবে। মন্ত্রিপরিষদের সভায় ইতিমধ্যে এটি পাশ হয়েছে। ডেঙ্গু মশার বংশ বিস্তার রোধে বর্ষাকালে যত্রতত্র পড়ে থাকা বিভিন্ন ময়লা যেমন টায়ার, দইয়ের বাটি, আইস্ক্রিমের কাপ, কোমড, পলিথিন ইত্যাদি পরিত্যক্ত দ্রব্যাদি নগদ টাকায় কিনে নেওয়া হচ্ছে। দুর্গম এলাকায় কার্যকরভাবে লার্ভিসাইট প্রয়োগের জন্য বাফেলো টার্বাইন মেশিন কেনা হয়েছে। বড় ডোবা, জলাশয়ের মতো অনেক জায়গা আছে যেখানে লার্ভাসাইডিং এর জন্য মশক কর্মীরা যেতে পারেন না। সে সব জায়গায় বাফেলো টার্বাইন ব্যবহার করা হবে। কোরবানির পশুর বর্জ্য অপসারণ একটি বড় চ্যালেঞ্জ। সবার সহযোগিতায় আমরা পূর্বের ঘোষণা অনুযায়ী ৮ ঘণ্টায় মধ্যে সমস্ত বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি।
মেয়র বলেন, অবৈধ দখলমুক্তকরণে উচ্ছেদ অভিযান পরিচালনা করে গাবতলীতে ৪০ একর উদ্ধার ভূমি উদ্ধার করা হয়েছে। মহাখালী টার্মিনালে ব্যাপক উচ্ছেদ অভিযান ও বসিলার বেড়িবাঁধ সংলগ্ন অবৈধ ফার্ম উচ্ছেদ করে ২ একর জমি উদ্ধার করা হয়েছে। সেখানে শিশু পার্ক ও খেলার মাঠ হবে। শহরের বিভিন্ন স্থানে নির্মিত অবকাঠামো যেন দেখতে দৃষ্টিকটু মনে না হয়, সে জন্য মহাখালী ফ্লাইওভারের পুরোটাই দৃষ্টিনন্দন করে সাজিয়ে তোলা হয়েছে। এর আগে মগবাজার ফ্লাইওভারের পিলারগুলোও সাজিয়ে তোলা হয়। পর্যায়ক্রমে সবগুলো অবকাঠামো সাজানো হবে।
তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ প্রতিদিন গড়ে সাড়ে ৩ হাজার টন বর্জ্য সংগ্রহ ও পরিবহন করে আমিন বাজার ল্যান্ডফিলে ব্যবস্থাপনা করছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন করা হবে। একই সাথে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। গত সপ্তাহ নির্মাতা প্রতিষ্ঠান সিএমইসি মূল প্লান্ট নির্মাণের জন্য ভারী যন্ত্রপাতি দিয়ে পুরোদমে কাজ শুরু করে দিয়েছে।
ডিএনসিসির ২৪টি পার্ক ও খেলার মাঠ উন্নয়ন ও আধুনিকায়ন করে সেগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানান মেয়র।
আতিকুল ইসলাম বলেন, ঢাকা এক সময় খালের জন্য বিখ্যাত ছিল। কিন্তু অবৈধ দখল ও দূষণের কবলে পড়ে খালগুলো মরতে বসেছিল। এগুলো বুঝে পাওয়ার পর থেকে আমরা কাজ করেছি। এ বছরও কিছু খাল দখলমুক্ত করে পানি প্রবাহ নিশ্চিত করা হয়েছে। এসব খাল থেকে ২ লাখ ৫৮ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে। বিগত চার বছরে ১ হাজার কোটি টাকা ব্যয়ে ৩০৩ কিলোমিটার রাস্তা, ৭০ কিলোমিটার ফুটপাত ও ২৮৮ কিলোমিটার নর্দমা নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে।
মেয়র জানান, ২০২৩ সালের জুন মাসে ৪৬ হাজার ৮শ ৯৯টি এলইডি সড়ক বাতি লাগানো হয়। কাউন্সিলরদের কাছ থেকে তালিকা নিয়ে দেখা যায় প্রায় সাড়ে তিন হাজার বাতি নষ্ট ছিল। পরবর্তীতে সেসব বাতি প্রতিস্থাপন করা হয়েছে। এ ছাড়া ২ হাজার বাতি নিয়মিত মেইনটেন্যান্স রাখতে হচ্ছে। কোথাও বাতি নষ্ট হলে দ্রুত সময়ের মধ্যে সেটা প্রতিস্থাপন করে দেওয়া হচ্ছে। বাতিগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণের জন্য ২০টি হাইড্রলিক গাড়িও আমদানি করা হয়েছে।
যানজট নিরসনে আগামী মাসেই বনানীতে একমুখী রাস্তা চালু হতে যাচ্ছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রাথমিকভাবে গুলশানের ৮টি রাস্তার ১৯৮টি অনস্ট্রিট পার্কিং চালু করা হয়েছে। অ্যাপের মাধ্যমে এই সেবা নেওয়া যায়। অ্যাপটি ব্যবহার করে এখন পর্যন্ত প্রায় ২৭ হাজার যানবাহন পার্ক করা হয়েছে।
এছাড়া অনলাইন হোল্ডিং ডাটাবেজ, ই-ট্রেড লাইসেন্স, ক্যাশলেস মার্কেট, জলাবদ্ধতা নিরসনে ওয়াটার লগিং হটস্পট চিহ্নিতকরণ ও
নিয়মিত ড্রেন পরিষ্কারকরণ ও ক্লিনার্স পল্লী নির্মাণ, ক্যাশলেস পশুর হাট ব্যবস্থাপনা, বস্তিতে ফায়ার হাইড্রেন্ট, কবরস্থানের ডাটাবেজ তৈরিসহ আরো বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন মেয়র।
সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরীসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।










