সিরাজগঞ্জে দুজনসহ পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন অন্তত ১৭ জন। গতকাল দিনের বিভিন্ন সময় ও আগের দিন রাতে রাজশাহী, চট্টগ্রাম, দিনাজপুর ও মুন্সিগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
সিরাজগঞ্জ: শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ছয়জন। গতকাল সকালে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের যুগ্নীদহ কড়ইতলা এবং বাঘাবাড়ীতে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার টেটিয়ারকান্দার সেলিমের স্ত্রী নার্গিস খাতুন (৩৫) এবং শেলাচাপড়ির মৃত ভোলা প্রামাণিকের ছেলে আরশেদ প্রামাণিক (৬০)। আহতরা বাঘাবাড়ী উত্তরবঙ্গ ট্যাংলরি সমবায় সমিতি হাসপাতালে ভর্তি আছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
রাজশাহী: বাঘায় মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে শহিদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল ভোর ৫টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর বাজারে চারঘাট-বাঘা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদ পুঠিয়া উপজেলার দুর্লভপুর গ্রামের বাসিন্দা।
বাঘা থানার ওসি আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চট্টগ্রাম: মিরসরাইয়ে বাসের ধাক্কায় মো. সাইফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মো. শহিদ নামে এক অটোরিকশা চালক। গতকাল সকাল ১০টায় উপজেলার খইয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম সাহেরখালী ইউনিয়নের পূর্ব সাহেরখালী গ্রামের মো. নুর আহমদের ছেলে। তিনি খইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের চৌধুরী পাড়া জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।
দিনাজপুর: রাস্তা পারাপারের সময় দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ী ভান্ডারি বাজারে এ দুর্ঘটনা ঘটে। ওই নারীর নাম তুলি বেগম। তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার রাণীরহাট এলাকার মণ্ডলপাড়া গ্রামের আহম্মদ আলীর মেয়ে। গতকাল বিকালে তার মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে বলে নিশ্চিত করেন ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ।
এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১০ শ্রমিক আহত হয়েছেন। গতকাল দুপুরে হিলি-বিরামপুর সড়কের ডাঙ্গাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বাড়ি ফুলবাড়ীসহ পাশের এলাকায়।
মুন্সিগঞ্জ: লৌহজং চন্ডের বাড়ি এলাকায় বাসের ধাক্কায় শংকর বারী (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি লৌহজং থানার পলগাঁও গ্রামের মৃত হরিদাস বারীর ছেলে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।










