রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, রেল বন্ধ রেখে বাস মালিকদের
সুযোগ দেয়া বিকৃত মানসিকতার পরিচয়। কোনো অবস্থায় রেল বন্ধ করে কাউকে সুযোগ দেয়া হবে
না। প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন নতুন লাইন সংযোজন, বগি ও ইঞ্জিন আমদানি করা হচ্ছে।
শনিবার (১ জুন) সকালে পাংশা উপজেলা পরিষদের সামনে জেলেদের মধ্যে বকনা
বাছুর বিতরণ, বিজ্ঞান মেলা ও কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রেলমন্ত্রী
এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, সবার সহযোগিতা ও দোয়ায় গত ঈদের মতো এবারো ভালোভাবে
মানুষকে বাড়ি পৌঁছে দিতে পারব। গত ঈদে মানুষ যেমন বাহবা দিয়েছে এবারো বাহবা ধরে রাখতে
পারব। বরাবরের মতো এবারো রেলের সব ধরনের ব্যবস্থা থাকবে, ঈদের আগে তিনদিন থাকবে কোরবানির
পশু বহনের বিশেষ ক্যাটল ট্রেন।
তিনি বলেন, কিছু মানুষ আছে যাদের সফলতা ভালো লাগে না, যারা উন্নয়ন
চোখে দেখে না, তাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই।
পরে বিকালে রাজবাড়ী ও বালিয়াকান্দি উপজেলার সীমান্তবর্তী এলাকা মাসালিয়ায়
শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।










