দীর্ঘ ১৮ ঘণ্টা পর যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে কর্ণফুলী নদীতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। সোমবার (২৭ মে) দুপুর ১২টায় টানেল পুনরায় উন্মুক্ত করে দেয়া হয়।
এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য আঘাতে ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়াতে গতকাল সন্ধ্যা ৬টা আজ ভোর ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা টানেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দুপুর ১২ টা পর্যন্ত আরো ৬ ঘণ্টা টানেল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় টানেলের উভয়প্রান্তের ৪টি ফ্লাড গেইট বন্ধ রাখা হয়েছিলো।
টানেল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক (টোল অ্যান্ড ট্র্যাফিক) তানভীর রিফাত জানান, ঘূর্ণিঝড় রেমালের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি এড়াতে রোববার বিকেলে ১২ ঘণ্টার জন্য বঙ্গবন্ধু টানেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে আজ ভোর ৬টার সময় রেমালের পরিস্থিতি স্বাভাবিক মনে না হওয়ায় দুপুর ১২ পর্যন্ত বন্ধ রাখা হয়েছিলো। সব মিলিয়ে ১৮ ঘণ্টা বন্ধ ছিল বঙ্গবন্ধু টানেল। দুপুর ১২টার পরে টানেল খুলে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।










