চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন
সমাদ্দারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে মিরপুর
মডেল থানায় করা মামলায় বৃহস্পতিবার (২ মে) শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর
করেন।
এদিন সকালে মিল্টন সমাদ্দারকে আদালতে হাজির করে সুষ্ঠু
তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের
(ডিবি) পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে
মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে এখন
পর্যন্ত তিনটি মামলা দায়ের করা হয়েছে। প্রথম মামলাটি হয় জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে।
এরপর তার আশ্রমের টর্চার সেলে মারধর করার অভিযোগে একটি মামলা দায়ের হয়। সর্বশেষ তার
বিরুদ্ধে মানবপাচার আইনে আরো একটি মামলা দায়ের হয়েছে।
সম্প্রতি মিল্টন সমাদ্দারের
বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে
তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরাও। যদিও কয়েকটি গণমাধ্যমে
সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার।










