বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থী ও সাধারণ ‍মানুষ সেখানে জড়ো হতে শুরু করেছেন। এছাড়া ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও ব্যানার নিয়ে সমাবেশস্থলে যোগ দিতে দেখা গেছে।

এ সময় শিক্ষার্থীদের ঢাবি ক্যাম্পাসে ঘুরে ঘুরে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা ঢাকা’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ,’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এদিন বেলা ১১টার দিকে শহীদ মিনারে গিয়ে দেখা যায়, বেদীতে বিছানো হয়েছে লাল গালিচা। মঞ্চ গোছানোর কাজ চলছে। কয়েকাটি জায়গায় এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে। আশেপাশে মানুষজন ঘুরাফেরা করছেন। কিছুক্ষণ পর পর মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হচ্ছে ছাত্র-জনতা। তাদের হাতে বাংলাদেশের পতাকা, মাথায় বেঁধে রেখেছেন পতাকা সম্বলিত কাপড়।

এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে কথা বলেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা জানান, এ সমাবেশ থেকে ঘোষণাপত্র পড়ার কথা থাকলেও সেটি রাষ্ট্রীয়ভাবে করার কথা জানানোয় সাধুবাদ জানিয়ে আজকেই পাঠ না করার কথা জানিয়েছে সংগঠনটি।