জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের হারিয়ে যাওয়া ম্যাকবুক উদ্ধার করে তার হাতে তুলে দিয়েছে পুলিশ। গতকাল সকালে পুলিশ সদর দপ্তরে ল্যাপটপটি পর্যটকের কাছে হস্তান্তর করেন আইজিপি মো. আলী হোসেন ফকির।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে জার্মান পর্যটকের হারানো ক্যামেরা এখনো উদ্ধার হয়নি। সেটি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশের জনসংযোগ বিভাগ। পুলিশ জানায়, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে গত ২৩ সেপ্টেম্বর দেশে আসেন ক্রিল। ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় স্টেশনের অপেক্ষাকক্ষে ল্যাপটপ ও ক্যামেরা রেখে পাশের একটি এটিএম বুথ থেকে টাকা তুলতে যান তিনি। ফিরে এসে সেগুলো না পেয়ে নাটোর থানায় পুলিশের সহযোগিতা চান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হারানো ল্যাপটপে গত ছয় মাসের কার্যক্রমের তথ্য ছাড়াও গুরুত্বপূর্ণ নথি ছিল। ক্রিলের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে নাটোর সদর থানা, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের একাধিক দল ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লথিং স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল। বাংলাদেশ ভ্রমণে তার ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।










