দিল্লিতে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার মোহাম্মাদ ইমরানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল প্রতিনিধি দলকে বেনাপোল নোম্যান্সল্যান্ডে স্থলবন্দর কর্তৃপক্ষ, বন্দরের ব্যবসায়ী ও প্রশাসনিক কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। হাইকমিশনার বেনাপোল কাস্টমস হাউজ, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন, স্থলবন্দর অফিসসহ বিভিন্ন অফিস ঘুরে দেখেন।

পরে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের গতি বাড়ানোর লক্ষ্যে কাস্টমস, বন্দর, সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানিকারকদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বেনাপোল কাস্টমসে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন তিনি।

বিকালে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনে আমদানি-রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় বন্দরের আমদানি-রফতানিকারকরা হাইকমিশনারের কাছে বনগাঁ কালিতলা পার্কিংয়ের আমদানি-রফতানিসংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় তিনি সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান, বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবির তরফদার, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা, ইন্দো-বাংলা চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান প্রমুখ।