ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি জগলুল হায়দারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম এমপি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা, সংসদ সদস্য আতাউল হক দোলন, ফিরোজ আহমেদ স্বপন এমপি প্রমুখ।

এ সময় মোট ১ হাজার ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফম বাহাউদ্দীন নাসিম বলেন, দুর্যোগ দূর্বিপাকে, বিপদ আপদে আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে ছিল, মানুষের পাশে থাকে। তাই ঘূর্ণিঝড় রেমালের পর এবারো মানবতার মুক্তির দূত, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে  দুর্গত মানুষের পাশে ছুটে এসেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কমিটি।

তিনি বলেন, এ দুর্যোগ মোকাবেলায় শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আওয়ামী লীগ আপনাদের পাশে আছি, থাকব।