ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিশেষ বিবেচনায় গতকাল সোমবার চট্টগ্রাম জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আজ মঙ্গলবার (২৯ মে)  জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার নির্বাহী কর্মকর্তাদের পরিস্থিতি বিবেচনায় স্কুলে পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

এরই মধ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৫০টি প্রাথমিক বিদ্যালয়ের মঙ্গলবারের শ্রেণী পাঠদান কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়। আরো বেশ কয়েকটি উপজেলার প্রাথমিক বিদ্যালয় বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে স্থানীয় শিক্ষা অফিসারের কার্যালয় থেকে। 

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান বণিক বার্তাকে বলেন, 'ঘূর্ণিঝড় রেমালের কারণে সোমবার চট্টগ্রাম জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব এখনো পুরোপুরি কাটেনি। এজন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শ করে স্ব স্ব উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা চাইলে মঙ্গলবার প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রাখতে পারবে।'

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিপাত ও প্রবল দমকা হাওয়া বইছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ বিভিন্ন উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চট্টগ্রাম শহর সহ উপকূলীয় উপজেলাগুলোতে পানি ওঠায় দূর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।