যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন প্রয়াত চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের স্ত্রী ভিক্টোরিয়া পারভিন সাথী। গত শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড নৌকা প্রতীকে একক প্রার্থী হিসেবে তাকে চূড়ান্ত করে। নির্বাচিত চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
সূত্রমতে, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হওয়ার পর থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে স্থানীয় নেতারা জোর তত্পরতা শুরু করেন। ১১ জন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমাও দিয়েছিলেন।
তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাসান আলী, রায়পুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবু বক্কর শিকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক রাজিব রায়, যশোর জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, জহুরপুর ইউপি চেয়ারম্যান দীন মোহাম্মদ দিলু পাটোয়ারী, প্রয়াত উপজেলা চেয়ারম্যানের স্ত্রী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ভিক্টোরিয়া পারভীন সাথী, উপজেলা ঘাতক-দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক রাকিব হাসান শাওন ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুম রেজা খান।
অন্যদিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুর রহমানকে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চূড়ান্ত করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ ১৫ নভেম্বর। প্রত্যাহার ২৩ নভেম্বরের মধ্যে। আর প্রতীক বরাদ্দ ২৪ নভেম্বর।










