শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতি গঠনে প্রাণ দেয়া শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ সকাল ৭টা ২২ মিনিটে মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর, দেশের এই কৃতী সন্তানদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানাতে প্রধান উপদেষ্টা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, জ্যেষ্ঠ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, আহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এর আগে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকাল ৭টা ০৪ মিনিটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাত্র দু’দিন আগে, সদ্য উদীয়মান বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করে দেয়ার এক জঘন্য প্রচেষ্টায় দেশের প্রথিতযশা এই সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়।










