অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতায় ১টি স্বর্ণ, ৬টি ব্রোঞ্জ ও ৪টি কারিগরি পদকসহ মোট ১১টি পদক জয় করেছে দেশের শিক্ষার্থীরা। এ অর্জন রোবোটিক্স ও প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশের সক্ষমতার অগ্রগতির চিত্র তুলে ধরেছে।

গত ১৭ থেকে ২০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরের মান্ত্রা সাউথপোর্ট শার্ক কনভেনশন সেন্টারে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। আজ রোববার (২১ ডিসেম্বর) সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেয়া হয়।

বাংলাদেশ দলের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু সাঈদ।

প্রতিযোগিতায় ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে স্বর্ণপদক অর্জন করেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল টিটু। ব্রোঞ্জ পদক অর্জন করেন ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরির সিনিয়র গ্রুপে ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নুসাইবা তাজরিন তানিশা, ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র লো গ্রুপে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের জুবাইদাহ জাফরিন, ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র হাই গ্রুপে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের রিদোয়ান রাব্বানী, ফিজিক্যাল কম্পিউটিং সিনিয়র গ্রুপে ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নুসাইবা তাজরিন তানিশা, ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের খোন্দকার মুশফিকুল ইসলাম এবং স্কলাস্টিকা স্কুলের প্রিয়ন্তী দাস।

টেকনিক্যাল পদক পান ফিজিক্যাল কম্পিউটিং সিনিয়র গ্রুপে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মোহাম্মদ জারিফ বিন সালেক ও মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের নাফিয়া বাসার সুহানী, ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে উইলিয়াম কেরি একাডেমির জাইমা যাহিন ওয়ারা এবং ক্রিয়েটিভ মুভি সিনিয়র গ্রুপে স্কলাস্টিকা স্কুলের প্রিয়ন্তী দাস।

আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ দলের সার্বিক পৃষ্ঠপোষকতা দেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে এ বছর ২৯ ও ৩০ আগস্ট অনলাইন বাছাই পর্ব এবং ১২ ও ১৩ সেপ্টেম্বর ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে নির্বাচনী ক্যাম্প আয়োজন করে যোগ্যতা ও পারফরম্যান্স বিশ্লেষণের মাধ্যমে আন্তর্জাতিক দলের সদস্য নির্বাচন করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাংলাদেশ নিয়মিত এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। গত ৮ বছরে বাংলাদেশ দল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১৫টি স্বর্ণসহ মোট ৯৪টি পদক অর্জন করেছে। এবারের আসরে বাংলাদেশের ১০ সদস্যের দল অংশ নিয়েছিল।