নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা বাংলাদেশ সফর সম্পন্ন করেছেন। এই সফরে তিনি তরুণ সমাজ, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমের সঙ্গে কার্যকরী মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকাবা শিক্ষার্থীদের সঙ্গে বিশেষ সেশনে অংশ নেন। এখানে তিনি মহাকাশ বিজ্ঞান, রোবটিকস এবং স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষায় ক্যারিয়ার গড়ার জন্য তরুণদের উৎসাহিত করেন। মহাকাশ গবেষণার মাধ্যমে প্রযুক্তি উন্নয়ন এবং জলবায়ু সংকট মোকাবেলার নানা উপায় নিয়ে তিনি কথা বলেন।

গণমাধ্যমে সাক্ষাৎকারে আকাবা আর্টেমিস অ্যাকর্ড নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। আর্টেমিস অ্যাকর্ড মহাকাশে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করছে।

প্রসঙ্গত, জোসেফ এম আকাবা একজন অভিজ্ঞ মহাকাশচারী। তিনি পুয়ের্তো রিকান বংশোদ্ভূত প্রথম ব্যক্তি, যিনি ২০০৪ সালে নাসার মহাকাশচারী হিসেবে নির্বাচিত হন। ২০২৩ সালে তিনি নাসার অ্যাস্ট্রোনট অফিসের প্রধান হিসেবে দায়িত্ব নেন।

আকাবা তিনটি মহাকাশ অভিযানে অংশগ্রহণ করেছেন এবং মহাকাশে ৩০৬ দিনেরও বেশি সময় অতিবাহিত করেন। এ সময়ে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করেন।