টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তিন মুসল্লিকে হত্যার ঘটনায় তাবলিগ জামাতে মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মুখপাত্র মুয়াজ বিন নুরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোররাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইস্কান্দার হাবিবুর রহমান। মুয়াজ বিন নুর উত্তরার ৭ নম্বর সেক্টরের নুর মোহাম্মদের ছেলে।

ইস্কান্দার হাবিব জানান, টঙ্গী ইজতেমা মাঠে তিন জনকে হত্যার ঘটনায় বৃহস্পতিবার তাবলিগ জামাতের জুবায়ের অনুসারী এক মুসল্লি মামলা দায়ের করেন। ওই মামলার মুয়াজ বিন নুর এজাহারভুক্ত ৫ নম্বর আসামি। অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র কর্মকর্তারা ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান নিয়ন্ত্রণে নিয়ে মাওলানা জুবায়ের ও সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত হন তিনজন। এ ঘটনায় মাওলানা সাদের ২৯ অনুসারীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকশ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়। ওই মামলায় ৫ নম্বর আসামি মোয়াজ বিন নুর। মামলাটি করেন মাওলানা জুবায়েরের অনুসারী কিশোরগঞ্জের এস এম আলম হোসেন।