উপজেলা পরিষদ নির্বাচনে ফেনী সদরের নির্বাচনে পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেয়ায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার ও পোলিং কর্মকর্তাকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ মে) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান তাদের আটক করেন।

প্রিজাইডিং কর্মকর্তা ও ছনুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জল চন্দ্র দাস জানান, জালভোট দেয়ায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম ও পোলিং কর্মকর্তা নাছির উদ্দিন মানিককে আটক করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এ সময় মোটরসাইকেল প্রতীকের পোলিং এজেন্ট মানিককে পুলিশে সোপর্দ করা হয়। শাহ আলমকে নির্বাচনী কার্যক্রম থেকে প্রত্যাহার করে নেয়া হয়।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ফেনী সদর উপজেলার ১৪০ কেন্দ্রের ১ হাজার ৬৫টি বুথে ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৯৯৪ জন। সদরে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল (দোয়াত কলম), অ্যাডভোকেট মনজুর আলম (মোটর সাইকেল), ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ কে শহীদ উল্যাহ খোন্দকার (টিউবওয়েল), গোলাম কিবরিয়া (উড়োজাহাজ), মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুর্শিদা আক্তার (কলস), আঞ্জুমান আক্তার (প্রজাপতি)।