বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘বারবার প্রতারিত হয়েছি বলেই আমাদের চব্বিশের অভ্যুত্থান সংগঠিত হয়েছে। কিন্তু জাতি হিসেবে আমাদের লজ্জা নেই। যে সংবিধান রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে, ৫ আগস্টের পর কিছু কিছু রাজনীতিবিদের সে সংবিধানের প্রতি বিশাল মমত্ববোধ তৈরি হয়েছে। এটা জাতি হিসেবে আবার আমাদেরকে প্রতারণার দিকে নিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘৪৭ এ যদি বিজয় হতো তাহলে ৭১ হতো না, আবার একাত্তরে বিজয় হলে ২৪ হতো না। এটা আসলে বিজয়ের পরিক্রমা না, এটা হচ্ছে জাতি হিসেবে আমরা যে প্রতারিত হয়েছে সে প্রতারণার পরিক্রমা। আমরা ৪৭, ৭১ এ প্রতারিত হয়েছি। ২৪ এ প্রতারিত হচ্ছি কিনা সেটা সিদ্ধান্ত নিতে হবে।’
রোববার (১৬ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘সাতচল্লিশ-একাত্তর-চব্বিশ: আমাদের বিজয় পরিক্রমা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এ সভার আয়োজন করে।
সভায় হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্যা গালিব বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এ দেশের মানুষ আল্লাহর রহমতে গণতন্ত্র এবং স্বাধীনতা অর্জন করেছিল। এটি কোনো বিদেশী শক্তির বিজয় নয়, এটি একান্তই বাংলাদেশের মানুষের অর্জন। আমাদের তরুণরা তখন পাকিস্তান কিংবা ভারতের আধিপত্য মেনে নেয়নি এবং তারা দেশ রক্ষায় অগ্রগামী হয়েছিল। চব্বিশের চেতনাকে অনেকে একাত্তরের চেতনার বিরোধিতা হিসেবে দেখে। এটি ভুল ধারণা। যারা এভাবে ভাবেন, তারা অগণতান্ত্রিক শক্তি। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে মিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত করেছে।’
তিনি বলেন, ‘তরুণরাই এই অবস্থা পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। একাত্তরে যেমন তরুণরা দেশ স্বাধীন করেছে, চব্বিশেও তারা ফ্যাসিবাদ উৎখাত করেছে। আগামীতেও তারাই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। আমরা এখনো পুরোপুরি স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারিনি। কিন্তু আমি আশাবাদী যে তরুণরাই ভবিষ্যতের বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। তাদের উদ্যোগ ও ত্যাগের মাধ্যমেই আমরা প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্রের স্বাদ পাব।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি শরফুদ্দিন ও শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম উপস্থিত ছিলেন। সভায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ইশরাক হোসেন ও জাতীয় নাগরিক কমিটির নাসির উদ্দীন পাটোয়ারীর আসার কথা থাকলেও তারা আসেননি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাদিক কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক এএসএম ফরহাদ হোসেন।










