সামাজিক যোগাযোগ মাধ্যমে দেব-দেবী নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাকিল হাওলাদারের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার ছাত্রত্ব কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিসও দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। গতকাল দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি, শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতি ও জ্যেষ্ঠ শিক্ষকদের জরুরি সভায় তার ছাত্রত্ব বাতিলের এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. সুমন চন্দ্র মোহন্ত। সদস্যরা হলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. মেহেদী হাসান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. হাফিজ উদ্দিন এবং সদস্য সচিব কর্মকর্তা সমিতির সহসভাপতি মো. নজরুল ইসলাম। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন যবিপ্রবির ডিন ড. আব্দুল্লাহ আল মামুন, ড. নাসিম রেজা, ড. মো. মেহেদী হাসান, বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন ড.ইঞ্জি, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব প্রমুখ।