নেত্রকোণার ‘দক্ষিণ বিশিউড়া’ ও শরীয়তপুরের ‘হালইসার’ গ্রামকে ‘মৎস্য গ্রাম’ ঘোষণা করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সোমবার এ সংক্রান্ত পত্র জারি করে মৎস্য অধিদপ্তর।

বর্তমান সরকারের বিশেষ কর্মসূচি ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়নে মৎস্য অধিদপ্তরের ‘মৎস্য গ্রাম’ কার্যক্রম মূলত সমৃদ্ধ গ্রাম গড়ে তোলার উদ্যোগ। এ কার্যক্রমের আওতায় গ্রামাঞ্চলে অবকাঠামো উন্নয়ন, মৎস্য চাষ ও বাজার ব্যবস্থাপনাসহ স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় মৎস্য অধিদপ্তর নেত্রকোণা জেলার সদর উপজেলার ‘দক্ষিণ বিশিউড়া’ ও শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ‘হালইসার’ গ্রামকে কেন্দ্র করে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো-গ্রামের সকল পুকুর ও দিঘিতে বিজ্ঞানসম্মত মাছ চাষ, বিল নার্সারি স্থাপন, মাছের অভয়াশ্রম স্থাপনসহ বেশ কিছু পদক্ষেপ।

উল্লেখ্য ‘মৎস্য গ্রাম’ এমন একটি আদর্শ গ্রাম হবে যে গ্রামের সকল উন্নয়নমূলক কার্যক্রম এবং অর্জিত সাফল্য অন্যান্য গ্রামের জন্য অনুকরণীয় হবে।