ইউক্রেন চলতি বছর এখন পর্যন্ত ৬ কোটি ৭০ লাখ টন খাদ্যশস্য ও তেলবীজ উৎপাদন করেছে। চলতি সপ্তাহে এ তথ্য জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয় কোনো তুলনামূলক তথ্য প্রকাশ করেনি। খবর রয়টার্স।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এ বছর ৪ কোটি ৭২ লাখ টন খাদ্যশস্য ও প্রায় দুই কোটি টন তেলবীজ সংগ্রহ করেছে। এ পরিসংখ্যান বছর শেষে আরো বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে কী পরিমাণে বাড়বে তা নির্ভর করছে আবহাওয়ার ওপর।
যুদ্ধবিধ্বস্ত দেশটি গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ কোটি ২৪ লাখ টন গম, ৫৯ লাখ টন বার্লি, ৩ লাখ ৯৮ হাজার ২০০ টন মটরশুঁটি এবং ১ কোটি ৭১ লাখ টন ভুট্টাসহ অন্যান্য খাদ্যশস্য উৎপাদন করেছে। পাশাপাশি ৪০ লাখ টন সরিষা ও ১ কোটি ১৩ লাখ টন সূর্যমুখী বীজ উৎপাদন করেছে।










