চলতি সপ্তাহে ভিয়েতনামে বেড়েছে কফির দাম। দেশটির প্রধান কফি উৎপাদনকারী অঞ্চলে ভারি বর্ষণের ফলে কৃষিকাজ ব্যাহত হয়েছে। আর এতে নতুন ফসল উত্তোলন বিলম্বিত হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। ফলে দাম বেড়েছে পানীয় পণ্যটির। খবর বিজনেস রেকর্ডার।

ভিয়েতনামের বৃহত্তম কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডে কৃষকরা প্রতি কেজি কফি ২ ডলার ৪১ সেন্ট (৫৮ হাজার ৫০০ ডং) থেকে ২ ডলার ৪৫ সেন্টে (৫৯ হাজার ৪০০ ডং) বিক্রি করছেন। গত সপ্তাহেও এখানে কেজিপ্রতি ৫৭ হাজার ২০০ থেকে ৫৮ হাজার ৬০০ ডং দরে কফি বিক্রি হয়েছে। আর জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে রোবাস্তা কফির দাম বেড়েছে ৭৫ ডলার। প্রতি কেজির মূল্য উঠেছে ২ হাজার ৫৪৯ ডলারে।

এক কফি ব্যবসায়ী জানান, ‌ভিয়েতনামের আবহাওয়া নিয়ে নেতিবাচক খবরের প্রভাবে দাম বেড়েছে। তবে তিনি জানুয়ারি সরবরাহ চুক্তিতে ৫ শতাংশ কালো ও ভাঙা গ্রেড ২ জাতের রোবাস্তা কফি লন্ডন এক্সচেঞ্জের সমান দামে বিক্রি করেছেন বলে জানান।

একই অঞ্চলের অন্য একজন ব্যবসায়ী জানুয়ারি সরবরাহ চুক্তিতে টনপ্রতি ৪০-৫০ ডলার মূল্য ছাড় দিয়েছেন। তিনি বলেন, ‘‌কফি বিনের পরিমাণ সীমিত হয়ে এলেও কৃষকরা এখন অল্প পরিমাণে বাজারে ছাড়ছেন। এবার ফলনও ভালো হয়নি। বৃষ্টির কারণে সব ধরনের কার্যক্রম ব্যাহত হয়েছে।’

অন্যদিকে বেড়েছে ইন্দোনেশিয়ার সুমাত্রা রোবাস্তা কফির দামও। চলতি সপ্তাহে সুমাত্রার রোবাস্তা বিনের জানুয়ারি-ফেব্রুয়ারি সরবরাহ চুক্তির দাম উঠেছে ৭২০ ডলারে, যা গত সপ্তাহ থেকে অন্তত ২০ ডলার বেশি।