সাভারে চামড়া শিল্পনগরীতে স্থানান্তরিত চামড়া শিল্প প্রতিষ্ঠানের ব্যাংক ঋণ পরিশোধে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ঋণ পরিশোধের আবেদনের সময় ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে আবেদনের সময় ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, কভিড-১৯ এর বিরূপ প্রভাব বিদ্যমান থাকায় ও ঈদুল আজহা উৎসবে কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রমের বিষয়টি বিবেচনায় নিয়ে উল্লেখিত এক্সিট অথবা পুনর্গঠন/পুনঃতফসিল সুবিধা দেয়া হয়েছে।
সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এ নির্দেশনায় বলা হয়েছে, এ সুবিধা নিতে আগ্রহী চামড়া উদ্যোক্তাদের আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আগ্রহীরা এ বিশেষ সুবিধার আওতায় অন্য খেলাপিদের মতো মাত্র ২ শতাংশ টাকা জমা দিয়ে (ডাউন পেমেন্ট) ১০ বছরের জন্য তাদের ঋণ পুনর্গঠন, পুনঃতফসিল বা এক্সিট সুবিধা পাবেন।











