ভেনিজুয়েলার অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বেড়েছে। সেপ্টেম্বরে দৈনিক আট লাখ ব্যারেল করে জ্বালানি তেল রফতানি করেছে দেশটি। চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রফতানি এটি। ভেনিজুয়েলার রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা পিডিভিএসএর পাশাপাশি অন্যান্য সহায়ক কোম্পানির উত্তোলন কার্যক্রম পুনরুদ্ধার করায় এ প্রবৃদ্ধি এসেছে। খবর রয়টার্স।

ভেনিজুয়েলা চলতি বছর সামগ্রিক অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়িয়েছে। তবে বিদ্যুৎ বিভ্রাট, খনি রক্ষণাবেক্ষণ সমস্যা ও উত্তোলন বাড়াতে প্রয়োজনীয় বিনিয়োগের অভাবে এ খাতে উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে দেশটি।

পিডিভিএসএ ও তার অংশীদাররা সেপ্টেম্বরে গড়ে দৈনিক ৮ লাখ ১২ হাজার ব্যারেল অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল রফতানি করে। এসব রফতানির বড় অংশেরই গন্তব্য ছিল চীন।

যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে শেভরনের ভেনিজুয়েলীয় জ্বালানি তেল রফতানির পরিমাণ কিছুটা কমেছে। পিডিভিএসএর ও এলএসইজির ট্যাংকার ট্র্যাকিং ডাটা অনুসারে, দেশটিতে আগস্টে দৈনিক ১ লাখ ৪৭ হাজার ব্যারেল থেকে কমে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক ১ লাখ ৪৫ হাজার ব্যারেলে।

শেভরন গত বছরের নভেম্বরে মার্কিন প্রশাসন থেকে চারটি যৌথ উদ্যোগে কার্যক্রম চালানোর অনুমতি পেয়েছে। ফলে পিডিভিএসএর সঙ্গে যৌথভাবে উত্তোলন কার্যক্রম জোরদার করে কোম্পানিটি। এতে চলতি বছর উত্তোলন বেড়েছে ভেনিজুয়েলার। যৌথ উদ্যোগের অংশ হিসেবে আগামী বছর নতুন খনন কার্যক্রম চালাবে শেভরন। এর মধ্য দিয়ে দৈনিক দুই লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করার প্রত্যাশা করছে কোম্পানিটি।

রফতানি বাড়ার কারণ অনুসন্ধানে জানা যায়, সেপ্টেম্বরে ভেনিজুয়েলার প্রধান জ্বালানি তেল উত্তোলনকারী অঞ্চল ওরিনকো বেল্টে উত্তোলন বাড়ায় এবং আগের চেয়ে বেশি পরিমাণে পরিশোধন করায় এ সময় রফতানিতে উল্লম্ফন দেখেছে দেশটি। পাশাপাশি আগস্টে ওরিনকো বেল্টে সমস্যার কারণে সরবরাহ কমেছিল। এদিকে রফতানি বাড়ায় গত মাসে পিডিভিএসএর প্রথম শ্রেণীর অপরিশোধিত জ্বালানি তেল মেরে সিক্সটিনের মজুদ নেমে গেছে। ফলে সামনের মাসগুলোয় রফতানি কিছুটা কমিয়ে দিতে পারে দেশটি।

ওপেক আগস্টে দৈনিক ৮ লাখ ২০ হাজার ব্যারেল উত্তোলন করেছে। জুলাইয়ে দৈনিক উত্তোলনের পরিমাণ ছিল ৮ লাখ ১০ হাজার ব্যারেল। আগস্টে দৈনিক ১০ হাজার ব্যারেল উত্তোলন বাড়লেও বার্ষিক গড় হিসাব নিম্নমুখীই। চলতি বছর এখন পর্যন্ত গড়ে দৈনিক ৭ লাখ ৮৫ হাজার ব্যারেল উত্তোলন করেছে জোটটি। 

ভেনিজুয়েলা তার শীর্ষ রাজনৈতিক মিত্র কিউবায় রফতানি বাড়িয়েছে। দৈনিক প্রায় ৮৬ হাজার ব্যারেল পরিশোধিত-অপরিশোধিত জ্বালানি তেলসহ এলএনজি, পেট্রল রফতানি করছে দেশটি। আগস্টে যার পরিমাণ ছিল দৈনিক ৬৫ হাজার ব্যারেল। এক মাসের ব্যবধানে রফতানি বেড়েছে ২১ ব্যারেল। 

সম্প্রতিক সময়ে কিউবা জ্বালানি সংকটে ভুগছে। গত সপ্তাহে জ্বালানি তেলের মজুদ ফুরিয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে দ্বীপ দেশটিতে।