আইইউবির ক্যারিয়ার গাইডেন্স, প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই রিলেশনস (সিজিপি অ্যান্ড এআর) অফিসের উদ্যোগে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল দিনবাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আইইউবির শিক্ষার্থীরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টলে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে ক্যারিয়ার বিষয়ে সরাসরি কথা বলার পাশাপাশি চাকরি ও ইন্টার্নশিপের জন্য সিভি জমা দেন এবং প্রশিক্ষণ সেশন ও ওয়াক-ইন ইন্টারভিউতে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আইইউবির উপাচার্য অধ্যাপক এম তামিম, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বরণ দাশ, সিটি ব্যাংকের হেড অব হিউম্যান রিসোর্স নিশাত আনোয়ার, বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড ও সিজিপি অ্যান্ড এআরের পরিচালক মো. মঞ্জুরুল হক খানসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক এম তামিম বলেন, ‘বর্তমান যুগে যোগাযোগ দক্ষতা একটি অপরিহার্য বিষয়। এটি মূলত নিজের গল্পটি অন্যের কাছে তুলে ধরার একটি শিল্প। আমাদের সময়ে কোম্পানিগুলো দুই বছর প্রশিক্ষণ দিয়ে কর্মী তৈরি করে নিত, কিন্তু বর্তমান ইন্ডাস্ট্রি চায় ‘জব রেডি’ বা সরাসরি কাজে যোগ দেয়ার মতো দক্ষ জনবল। তাই আমরা শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি-উপযোগী করে গড়ে তুলতে নিয়মিত স্কিল ম্যাপিং করছি।’
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের কাঙ্ক্ষিত জনবল সম্পর্কে মতামত প্রকাশ করেন। চাকরিদাতা প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের প্রতিনিধি তার প্রত্যাশা জানিয়ে বণিক বার্তাকে বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এ প্রজন্মের শিক্ষার্থীদের মধ্য থেকে সবচেয়ে উপযুক্ত সম্পদ খুঁজে বের করা। শিক্ষার্থীদের অংশগ্রহণ যত বাড়বে, আমাদের দক্ষ কর্মী বাছাইয়ের সুযোগও তত বৃদ্ধি পাবে।’
ক্যারিয়ার ডে-তে অংশ নিয়ে নিজেদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন আইইউবির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। সিএসই বিভাগ থেকে সদ্য স্নাতক সম্পন্ন করা এবং বর্তমানে একটি মার্কিন প্রতিষ্ঠানে কর্মরত আয়েশা সিদ্দিকা বলেন, ‘আমি এখানে এসেছি ক্যারিয়ারের সেরা সুযোগটি খুঁজে নিতে। আমাদের দেশে আইটি এবং সফটওয়্যার খাতে এখন অনেক ভালো সুযোগ রয়েছে, তাই দেশের মাটিতেই ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে আমি সিভি জমা দিচ্ছি।’
এ আয়োজনে শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার এবং জীবনবৃত্তান্ত জমা দেয়ার সুযোগ পান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, এফএমসিজি, ওষুধ শিল্প খাতসহ বিভিন্ন গ্রুপ অব কোম্পানি এতে অংশ নেয়। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেছে সিটি ব্যাংক ও নগদ। এছাড়া বেভারেজ পার্টনার হিসেবে ফ্রেশ এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল বণিক বার্তা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও নিউজটোয়েন্টিফোর।










