চীনের সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান মন্টাজ টেকনোলজি হংকং শেয়ারবাজারে লেনদেন শুরুর প্রথম দিনেই বড় সাফল্য পেয়েছে। আজ (৯ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারদর একদিনেই ৬৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহের প্রতিফলন হিসেবে এ উত্থানকে দেখা হচ্ছে। খবর রয়টার্স।

হংকংয়ে শেয়ার বিক্রির মাধ্যমে মন্টাজ টেকনোলজি প্রায় ৯০ কোটি মার্কিন ডলার (প্রায় ৭০৪ কোটি হংকং ডলার) সংগ্রহ করেছে। কোম্পানিটি জানিয়েছে, এ অর্থের বড় অংশ গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় করা হবে। পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ, সম্ভাব্য বিনিয়োগ বা অধিগ্রহণ এবং সাধারণ কার্যক্রম পরিচালনাতেও এ অর্থ ব্যবহার করা হবে।

সোমবার সকালে লেনদেনের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ১৬৮ হংকং ডলার, যা ১০৬ দশমিক ৮৯ হংকং ডলারের নির্ধারিত মূল্যের তুলনায় অনেক বেশি। দিনের শেষভাগে শেয়ারদর সর্বোচ্চ ১৭৬ হংকং ডলারে পৌঁছায় এবং লেনদেন শেষ হয় ১৭৫ হংকং ডলারে। লেনদেনের পরিমাণের দিক থেকে শুরুতেই এটি শীর্ষ দশটি প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নেয়।

মন্টাজ টেকনোলজি মূলত ডেটা সেন্টারের জন্য মেমোরি ইন্টারফেস চিপ তৈরি করে। এই চিপ প্রসেসর ও মেমোরির মধ্যে দ্রুত তথ্য সরবরাহ নিশ্চিত করে। আধুনিক এআইভিত্তিক কম্পিউটিং ব্যবস্থায় এ ধরনের চিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় কোম্পানিটির প্রতি বৈশ্বিক বিনিয়োগকারীদের আগ্রহ দ্রুত বাড়ছে।

২০০৪ সালে প্রতিষ্ঠিত মন্টাজ বর্তমানে মেমোরি ইন্টারকানেক্ট চিপ সরবরাহে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। জেপি মরগান অ্যাসেট ম্যানেজমেন্ট, ইউবিএস অ্যাসেট ম্যানেজমেন্টের মতো ১৭টি বড় আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান এতে প্রায় ৪৫ কোটি ডলার বিনিয়োগ করেছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ফ্রস্ট অ্যান্ড সুলিভানের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বৈশ্বিক বাজারে কোম্পানিটির অংশীদারত্ব ছিল ৩৬ দশমিক ৮ শতাংশ। আর্থিক দিক থেকেও কোম্পানিটি ইতিবাচক প্রতিফলন দেখিয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রথম নয় মাসে কোম্পানিটির আয় বেড়ে দাঁড়িয়েছে ৪১০ কোটি ইউয়েন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৮ শতাংশ বেশি। একই সময়ে নিট মুনাফা ৬৪ শতাংশ বেড়ে হয়েছে ১৬০ কোটি ইউয়েন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিষেধাজ্ঞার কারণে চীনের নিজস্ব সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ ও নীতিগত সহায়তা বাড়ছে। এর ফলে প্রসেসর ও মেমোরির মধ্যে সংযোগ স্থাপনকারী বিশেষায়িত চিপ প্রস্তুতকারী কোম্পানিগুলো আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

মন্টাজের সফল তালিকাভুক্তি হংকংয়ের পুঁজিবাজারেও ইতিবাচক বার্তা দিচ্ছে। চলতি বছরের শুরুতেই শহরটিতে আইপিও ও দ্বিতীয় পর্যায়ের তালিকাভুক্তির মাধ্যমে প্রায় ৫৫০ কোটি ডলার সংগ্রহ হয়েছে, যা ২০২১ সালের পর সবচেয়ে শক্তিশালী সূচনা হিসেবে ধরা হচ্ছে। বাজার সংশ্লিষ্টরা আশা করছেন, চলতি বছর আরো কয়েকটি প্রযুক্তি কোম্পানির তালিকাভুক্তির মাধ্যমে এ ধারা অব্যাহত থাকবে।