চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) গতকাল আকরিক লোহার দাম কমেছে। শীর্ষ ভোক্তা দেশ চীনে চাহিদা কমে যাওয়ায় ধাতুটির দামে সম্প্রতি নিম্নমুখী ধারা দেখা দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
ডিসিইতে গতকাল সেপ্টেম্বরের সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম আগের দিনের তুলনায় দশমিক ৯৪ শতাংশ কমেছে। এতে টনপ্রতি মূল্য ৮৪৪ ইউয়ানে (১১৬ ডলার ৪৮ সেন্ট) নেমেছে।
তবে ডিসিইতে কমলেও গতকাল সিঙ্গাপুর এক্সচেঞ্জে আকরিক লোহার দাম আগের দিনের তুলনায় দশমিক ১৮ শতাংশ বেড়েছে। টনপ্রতি মূল্য স্থির হয়েছে ১১০ ডলার ৮৫ সেন্টে।
ইস্পাত উৎপাদনের অন্যতম উপকরণ আকরিক লোহা। সম্প্রতি চীনে এ ধাতব পণ্যের আমদানি কমেছে।
অন্যদিকে ডিসিইতে ইস্পাত তৈরি অন্যান্য উপাদানের দামও কমেছে। এ বাজার আদর্শে কোকিং কয়লা ও কোকের দাম আগের দিনের তুলনায় যথাক্রমে দশমিক ৭১ এবং দশমিক ৪২ শতাংশ করে কমেছে।










