আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম নিম্নমুখী ধারা বজায় রেখেছে। গত সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেল, স্বর্ণ, গম, ভুট্টা, ভোজ্যতেলসহ অধিকাংশ পণ্যের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানো নিয়ে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে বেশির ভাগ পণ্যের দাম নিম্নমুখী প্রবণতা ধরে রেখেছে। খবর আনাদোলু এজেন্সি।
বৈশ্বিক অর্থনীতির অন্যতম মানদণ্ড স্বর্ণের বাজারদর। গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি দশমিক ৪ শতাংশ কমে গেছে। বিশ্লেষকরা বলছেন, অনেকদিন ধরেই ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে দেশটিতে ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ড (বিনিয়োগের বিপরীতে আসা রিটার্ন) বেড়েছে। ফলে ব্যবসায়ীরা স্বর্ণে বিনিয়োগ কমিয়ে বন্ডে বিনিয়োগ বাড়াতে আগ্রহী হচ্ছেন। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে গেছে।
অন্যদিকে বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কায় প্যালাডিয়ামের দাম কমে গেছে। গত সপ্তাহে প্যালাডিয়ামের দাম আগের সপ্তাহের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ কমেছে। অন্যদিকে আরেক মূল্যবান ধাতু প্লাটিনামের দাম বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ।
দীর্ঘদিন ধরে চীনের আবাসন খাতে মন্দা পরিস্থিতি চলছে। তবে এ পরিস্থিতি মোকাবেলায় কিছুদিন আগেই সাশ্রয়ী মূল্যে স্থানীয় সরকারের মাধ্যমে আবাসন সুবিধা দেয়ার পরিকল্পনা করেছে দেশটি। তবে পরিকল্পনাটি নিয়ে প্রধান ভোক্তা দেশে সম্প্রতি অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে ব্যবহারিক ধাতুর দাম কমছে। গত সপ্তাহে তামার দাম আগের সপ্তাহের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ, নিকেলের ৩, দস্তার ২ দশমিক ২ ও সিসার দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমেছে।
ধাতব ও জ্বালানি পণ্য ছাড়াও খাদ্যশস্যের বাজারেও নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সুদহার কমানোর সিদ্ধান্ত স্থগিতের আশঙ্কায় তুলা ও চিনির দাম কমে গেছে। গত সপ্তাহে প্রতি পাউন্ড তুলার দাম আগের সপ্তাহের তুলনায় ৫ এবং চিনির দাম ১ দশমিক ২ শতাংশ কমে গেছে।
তবে আন্তর্জাতিক বাজারে রুপা, তামা, অ্যালুমিনিয়াম, প্রাকৃতিক গ্যাস ও কোকোর দাম ঊর্ধ্বমুখী। সম্প্রতি রুপা খাতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। অন্যদিকে এ ধাতুর সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে গত সপ্তাহে রুপার দাম আগের সপ্তহের তুলনায় দশমিক ১ শতাংশ বেড়েছে। সোলার প্যানেল, গাড়ি ও বৈদ্যুতিক যন্ত্রাংশ তৈরিতে ধাতব পণ্যটি ব্যবহার হয়। সম্প্রতি খনি থেকে রুপার উত্তোলন কমে গেছে। তাই শিল্প খাতে চাহিদা বাড়লেও সরবরাহ সংকটে পড়তে পারে রুপার বাজার। বিশ্লেষকরা বলছেন, চীন রুপার আমদানি সামনের মাসগুলোয় বাড়াতে পারে।
এদিকে বিশ্ববাজারে প্লাটিনামের ঘাটতির কারণে ধাতব পণ্যটির দাম বেড়েছে। গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে আগের সপ্তাহের তুলনায় অ্যালুমিনিয়ামের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়েছে। এশিয়ার দেশগুলোর চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রাকৃতিক গ্যাসের দামও বাড়ছে।










