নিখোঁজ শিশু ও ব্যক্তিদের দ্রুত খুঁজে পেতে ‘মুন অ্যালার্ট’-এর সঙ্গে যৌথভাবে ‘মিসিং পারসনস ব্রডকাস্ট’ শীর্ষক উদ্যোগ চালু করেছে ওয়ালটন প্লাজা। এর আওতায় দেশজুড়ে সাত শতাধিক শোরুমের টিভি স্ক্রিনে যাচাইকৃত নিখোঁজ মানুষদের প্রয়োজনীয় তথ্য ও ছবি নিয়মিত প্রচার করা হবে। এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান এবং মুন অ্যালার্টের প্রতিষ্ঠাতা ও জিরো মিসিং ফাউন্ডেশনের সভাপতি সাদাত রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান বলেন, ‘আমরা শুধু পণ্য বিক্রি ও সেবা দেয়ার মধ্যেই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখিনি; বরং সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক এবং মানবিক উদ্যোগেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছি।’

নিখোঁজ ব্যক্তিদের তথ্য দ্রুত ও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষ নিকটস্থ ওয়ালটন প্লাজায় গিয়ে সর্বশেষ নিখোঁজ ব্যক্তিদের তথ্য দেখতে পারবেন।’ পাশাপাশি মুন অ্যালার্টের হেল্পলাইন ১৩২১৯ ও ওয়েব পোর্টালের মাধ্যমে নিখোঁজ ব্যক্তির বিষয়ে প্রতিবেদন ও আগের প্রতিবেদনের তথ্য অনুসরণ করা যাবে বলে উল্লেখ করেন ওয়ালটন প্লাজার এমডি।

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, ‘মিসিং পারসনস ব্রডকাস্ট’ উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে ওয়ালটন প্লাজার বিস্তৃত নেটওয়ার্ক ও টিভি স্ক্রিনগুলোয় নিয়মিত নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচার করা হবে।’

অন্যদিকে যাচাইকৃত তথ্য বেশি মানুষের কাছে পৌঁছালে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়ার সম্ভাবনা বাড়বে বলে আশা প্রকাশ করেন মুন অ্যালার্টের প্রতিষ্ঠাতা সাদাত রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ক্রিয়েটিভ পার্টনার পপ-ফাইভের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।