মালয়েশিয়ায় গত অক্টোবরে পাম অয়েলের মজুদ বেড়েছে। প্রত্যাশার চেয়ে বেশি রফতানি সত্ত্বেও অক্টোবর শেষে পণ্যটির মজুদ চার বছরের সর্বোচ্চে পৌঁছেছে। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের (এমপিওবি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর বিজনেস রেকর্ডার।
মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদনকারী দেশ। অক্টোবরে মজুদ আগের মাসের তুলনায় ৫ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ লাখ ৫০ হাজার টনে। এ নিয়ে দেশটিতে টানা ষষ্ঠ মাসে গড়াল পণ্যটির মজুদ প্রবৃদ্ধি। এর আগে সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে পাম অয়েল মজুদের এমন উল্লম্ফন দেখা গিয়েছিল।
তথ্যমতে, অক্টোবরে অপরিশোধিত পাম অয়েলের উৎপাদন ৫ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ ৪০ হাজার টনে। যেখানে রফতানি বেড়ে ১৪ লাখ ৭০ হাজার টনে দাঁড়িয়েছে। কুয়ালালামপুরভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘ˆমৗসুমি বৃষ্টিপাতের কারণে নভেম্বরে উৎপাদন কমতে পারে। ফলে আবারো মজুদ কমতে পারে।’
প্রসঙ্গত, চলতি বছরের জন্য পাম অয়েল উৎপাদন পূর্বাভাস কমিয়েছে এমপিওবি। উৎপাদনের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ থেকে ১ কোটি ৮৫ লাখ টনের মধ্যে থাকার প্রত্যাশা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদক এ দেশের জন্য বড় সমস্যা হয়ে উঠেছে বন্যা। বিষয়টি বার্ষিক উৎপাদন পূর্বাভাস কমাতে প্রভাবক হিসেবে কাজ করেছে।










