বীমা খাতে বিশেষ অবদানের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিনকে বিশেষ সম্মাননা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ সেপ্টেম্বর সেগুনবাগিচার ডিআরইউ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিনের হাতে সম্মাননা তুলে দেন।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ সংগঠনটির সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।