শিকাগোর বাজারে গতকাল সয়াবিনের দাম তিন সপ্তাহের সর্বোচ্চে উঠেছে। যুক্তরাষ্ট্রে মাড়াই কারখানায় তেলবীজটির চাহিদা বেড়ে যাওয়ায় বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে তেলবীজটির। পাশাপাশি ব্রাজিলে খরার কারণে সরবরাহ কমে যাওয়ার তথ্য পণ্যটির দাম বাড়তে প্রভাবকের ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার ।

এদিকে শীর্ষস্থানীয় ভোক্তা ভারতে গমের সরবরাহ সীমিত হওয়ায় পণ্যটির দাম বেড়েছে। তবে একই সময় কমেছে ভুট্টার দামও।

সিঙ্গাপুরভিত্তিক এক তেলবীজ ব্যবসায়ী বলেন, ‘‌শুষ্ক আবহাওয়ার কারণে প্রধান রফতানিকারক ব্রাজিলে উৎপাদন কমে গেছে। আর যুক্তরাষ্ট্রে চাহিদা বেড়ে গেছে। এ কারণে সয়াবিনের বাজারে দাম বেড়েছে। তবে চীনের চাহিদাই আগামীতে দাম বাড়ানোয় প্রধান ভূমিকা রাখবে।’

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল সয়াবিনের সর্বনিম্ন দাম ছিল বুশেলপ্রতি ১৩ ডলার ১০ সেন্ট। তবে দিনের শুরুতে ১৩ ডলার ১৫ সেন্টে লেনদেন হয়েছে, ২৭ সেপ্টেম্বরের পর গত তিন সপ্তাহে যা ছিল তেলবীজটির সর্বোচ্চ দাম।

সিবিওটিতে গমের দাম দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের মূল্য দাঁড়িয়েছে ৫ ডলার ৮৪ সেন্টে। আর ভুট্টার দাম দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি তিন চতুর্থাংশ বুশেলের দাম নেমেছে ৪ ডলার ৯১ সেন্টে।

ফিউচার মার্কেটে ২০২৩-২৪ বিপণন বছরে যুক্তরাষ্ট্রের রফতানিকারকরা চীনের কাছে ১ লাখ ৩২ হাজার টন সয়াবিন বিক্রি করেছে। এমন খবরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাহিদা বেড়ে গেছে।