চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম সাত মাসে (২১ মার্চ-২২ অক্টোবর) ২৮ কোটি ৭৭ লাখ ৪ হাজার ১৭৫ টন আকরিক লোহা উৎপাদন করেছে দেশটি। শীর্ষ নয়টি লোহা খনি থেকে এ পরিমাণ আকরিক লোহা উত্তোলন করেছে ইরান। খবর হেলেনিক শিপিং নিউজ।
গত বছরের একই সময়ে দেশটির আকরিক লোহা উত্তোলনের পরিমাণ ছিল ২৮ কোটি ৫৫ লাখ ৭ হাজার ৫৩ টন। এ হিসেবে চলতি বছর উত্তোলন বেড়েছে এক শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের শীর্ষ উত্তোলক দেশগুলোও এ সাত মাসে ১ কোটি ৭ লাখ ৬৮ হাজার ৮৭১ টন আকরিক লোহা উত্তোলন করেছে, যা গত বছরের চেয়ে ২৩ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে উত্তোলনের পরিমাণ ছিল ৮৭ লাখ ২৯ হাজার ২১০ টন।
ইস্পাত উৎপাদনের প্রধান উপকরণ আকরিক লোহা। নির্মাণ শিল্পের গুরুত্বপূর্ণ এ উপাদানের দশম শীর্ষ উৎপাদনকারী দেশ ইরান। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, অক্টোবরে দেশটি ৩১ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের একই মাসের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ বেশি। আর চলতি বছরের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত প্রথম ১০ মাসে দেশটির মোট ইস্পাত উৎপাদনের পরিমাণ ছিল ২ কোটি ৫১ লাখ টন।










