অপরিশোধিত জ্বালানি তেলের সৌদি বাজার আদর্শ আরব লাইটের বিক্রয় মূল্য (ওএসপি) অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় কোম্পানি আরামকো। গতকাল এক বিজ্ঞপ্তিতে এশিয়ার ক্রেতাদের এ সিদ্ধান্ত জানিয়েছে কোম্পানিটি। ওপেক প্লাস জোটের সঙ্গে উত্তোলন হ্রাসের মাধ্যমে সরবরাহ কমানোর ঘোষণা দিলেও পরিশোধনাগারগুলোয় চাহিদা কমে যাওয়ায় পণ্যটির মূল্য অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে আরামকো। খবর রয়টার্স।
এর মধ্য দিয়ে টানা পাঁচ মাসের ঊর্ধ্বমুখিতায় বিরতি টানল আরামকো। তবে আরব লাইটের দাম এখন ওমান/দুবাই বাজার আদর্শের চেয়ে গড়ে ব্যারেলপ্রতি ৪ ডলার বেশি রয়েছে। ডিসেম্বরেও এ দর অপরিবর্তিত থাকবে।
বাজার বিশ্লেষকরা আগে থেকেই প্রত্যাশা করছিলেন ডিসেম্বরের দাম বাড়াবে না আরামকো। বিশেষ করে লাভের মার্জিন কমে আসায় এবং সরবরাহ অনিশ্চয়তার কারণে পরিশোধনকারীরা কারখানা কার্যক্রম মন্থর করে দিয়েছেন। এতে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা দুর্বল হয়ে গেছে।
সৌদি আরামকো আরব লাইটের মূল্যনির্ধারণের ক্ষেত্রে আবুধাবিভিত্তিক বাজার আদর্শ মারবানের গড় মূল্যকে বিবেচনায় নেয়। অক্টোবরে মারবানের গড় স্পট মূল্য দুবাই থেকে ব্যারেলপ্রতি ৩ ডলার ৮৮ সেন্ট বেশি ছিল, যা সেপ্টেম্বরের দর থেকে ৪৫ সেন্ট বেশি।
উত্তর-পশ্চিম ইউরোপের বাজারে ডিসেম্বরের জন্য আরব লাইটের দাম ব্যারেলে ২ ডলার ৩০ সেন্ট কমিয়েছে আরামকো। দাম কমানোর পরেও আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের চেয়ে আরব লাইটের দাম ব্যারেলপ্রতি ৪ ডলার ৯০ সেন্ট বেশি রয়েছে। একই মাসের জন্য যুক্তরাষ্ট্রে আরব লাইটের দাম এএসসিআইর বিপরীতে ব্যারেলপ্রতি ৭ ডলার ৪৫ সেন্ট বেশিতে অপরিবর্তিত।
আরব লাইটের দাম অপরিবর্তিত রাখার এ সিদ্ধান্তের মধ্যেই চলতি বছরের শেষ দিন পর্যন্ত স্বেচ্ছায় অতিরিক্ত সরবরাহ কমানোর ঘোষণা পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব ও রাশিয়া। দেশ দুটির এমন ঘোষণায় গতকাল আন্তর্জাতিক বাজারে ১ শতাংশ বেড়েছে জ্বালানি তেলের দাম। আইসিই ফিউচার্সে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ১ ডলার শূন্য ৩ শতাংশ বা ১ দশমিক ২১ শতাংশ বেড়েছে। ব্যারেলপ্রতি দাম উঠেছে ৮৫ ডলার ৯২ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ ডলার শূন্য ৭ সেন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮১ ডলার ৫৮ সেন্টে।
ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ফিউচার মার্কেটে ৩ নভেম্বর থেকে প্রায় ৬ শতাংশ দাম কমলেও গতকাল থেকে বাজার ঘুরে দাঁড়িয়েছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্র এক বিবৃতিতে জানিয়েছে, ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত ওপেক জোটের সিদ্ধান্তের বাইরে তারা স্বেচ্ছায় অতিরিক্তি দৈনিক ১০ লাখ ব্যাবেল করে উত্তোলন কমানোর সিদ্ধান্ত বহাল রাখবে। এ সময় দেশটি দিনে ৯০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করবে।
রাশিয়াও স্বেচ্ছায় দৈনিক অতিরিক্ত তিন লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্য রফতানি কমানোর সিদ্ধান্ত ডিসেম্বরের শেষ পর্যন্ত বহাল রাখবে। উভয় দেশই বলছে, তারা আগামী মাসে বাজার অভিজ্ঞতা বিবেচনা করে সরবরাহ কামানোর সিদ্ধান্ত প্রত্যাহার নাকি অব্যাহত রাখা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।
পিভিএম বিশ্লেষক তামাস ভার্গ বলেছেন, ‘সাপ্তাহিক ছুটির দিনে সৌদি ও রাশিয়ার ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত রফতানি কমানোর ঘোষণার ফলে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। বিশেষ করে চলতি মাসে চীনা পরিশোধন কারখানাগুলো থেকে চাহিদা কমে যাওয়ায় যে দরপতন চলছিল তা ঠেকিয়ে দিয়েছে।’










