অক্টোবরে যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানির পরিমাণ দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। মাসটিতে যুক্তরাষ্ট্রের উৎপাদনকারীরা ৭৯ লাখ ২০ হাজার টন এলএনজি রফতানি করেছে। আর্থিক তথ্য পরিষেবা প্রদানকারী লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ (এলএসইজি) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

চলতি বছরের সর্বোচ্চ এলএনজি রফতানি হয়েছিল গত এপ্রিলে। মাসটিতে রেকর্ড ৮০ লাখ ১০ টন এলএনজি রফতানি করেছিল যুক্তরাষ্ট্র। এপ্রিল থেকে অক্টোবরে রফতানির পরিমাণ ৯০ লাখ টন কম ছিল। তবে সেপ্টেম্বরের ৭১ লাখ ২০ হাজার টন থেকে যথেষ্ট বেড়েছে। সেপ্টেম্বরে এলএনজি প্লান্টগুলোয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলায় ওই সময় মাসটিতে এলএনজি উৎপাদন কমে গিয়েছিল।

এনার্জি ইনফরমেশন এজেন্সির তথ্য বলছে, চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বের শীর্ষ এলএনজি রফতানিকারক ছিল যুক্তরাষ্ট্র। এর পরই ছিল কাতার ও অস্ট্রেলিয়ার অবস্থান। আগামী বছর যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় দুটি প্রস্তাবিত রফতানি প্লান্ট উৎপাদন কার্যক্রম শুরু করার কথা রয়েছে। প্লান্ট দুটি চালু হলে সম্মিলিতভাবে ৩ কোটি ৮০ লাখ টন এলএনজি উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে, যা দেশটির এলএনজি খাতকে আরো শক্তিশালী করবে।

 মার্কিন এলএনজির শীর্ষ গন্তব্য ইউরোপ। গত মাসে যুক্তরাষ্ট্রের মোট এলএনজির ৬০ শতাংশই কিনেছে ইউরোপীয় ক্রেতারা। আর ২০ শতাংশ রফতানি হয়েছে এশিয়ার দেশগুলোয়।