সম্প্রতি আয়োজিত এক অভিষেক অনুষ্ঠানে কঠোর ও প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত ৩৫ জন পুরুষ ও ১৫ নারী কর্মকর্তাকে স্বাগত জানানো হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
অনুষ্ঠানে বক্তব্য দেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহাদেব সরকার সুমন, জেড এম বাবর খান এবং উপব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ নজরুল ইসলাম। এছাড়া পরিচালনা পর্ষদের সদস্য ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, দেশের ব্যাংক খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে তরুণ কর্মকর্তাদের পেশাদারত্ব, জবাবদিহিতা ও ধারাবাহিক কর্মদক্ষতার বিকল্প নেই। ব্যাংকের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে আরো গতিশীল করতে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।










