ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়াটার রাইটস ইন বাংলাদেশ’ শিরোনামে জাতীয় পর্যায়ের সেমিনার। গত শনিবার ইউআইইউ ক্যাম্পাসে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সম্মানিত অতিথি ছিলেন অর্থনীতিবিদ ও সমাজ চিন্তাবিদ, ব্র্যাকের গভর্নিং বডির চেয়ারম্যান এবং পিপিআরসির প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পলিসি সাপোর্ট শাখার যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া।

সেমিনারে দুটি কী-নোট পেপার উপস্থাপনা করেন ইউআইইউ সিএসআইআরএসের পরিচালক প্রফেসর ড. মো. মুজিবুর রহমান এবং আইটিএন-বুয়েটের পরিচালক প্রফেসর ড. রওশন মমতাজ।

নিজ বক্তৃতায় দেশজুড়ে ন্যায্য ও টেকসই পানি বণ্টন নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদ। পানি সম্পদ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, জলবায়ুজনিত প্রতিবন্ধকতা মোকাবেলা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সরকারের চলমান উদ্যোগগুলোর ওপর আলোচনা করেন তিনি। এছাড়া পানি নিরাপত্তা জাতীয় উন্নয়নের সঙ্গে জড়িত এবং তথ্য-প্রমাণভিত্তিক নীতি প্রণয়নের জন্য সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাঙ্গন ও নাগরিক সমাজের মধ্যে শক্তিশালী সহযোগিতার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

পানির অধিকারকে শুধু একটি সম্পদগত বিষয় হিসেবে নয়, বরং সামাজিক ন্যায়বিচার ও সুশাসনের বিষয় হিসেবে দেখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন সমাজ চিন্তাবিদ ড. হোসেন জিল্লুর রহমান। এছাড়া বাংলাদেশে কার্যকর পানি নীতি প্রণয়নে গবেষণা এবং তথ্য-ভিত্তিক অন্তর্দৃষ্টির ক্রমবর্ধমান গুরুত্বের ওপরও আলোকপাত করেন তিনি।

সেমিনারে বক্তারা বিশ্ব পানি দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘পানি ও লিঙ্গ: যেখানে পানির প্রবাহ, সেখানেই সমতার বিকাশ’-এর সঙ্গে সংগতি রেখে বাংলাদেশে পানি ব্যবস্থাপনার জন্য একটি অধিকারভিত্তিক পদ্ধতির প্রয়োজনীয়তার ওপর বিস্তারিত আলোকপাত করেন।

ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাসেম মিয়া বলেন, পানি অধিকারের মতো জাতীয় বিষয়াবলীতে গবেষণা, উদ্ভাবন এবং নীতিগত সংলাপ প্রসারে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

সেমিনারটি বাংলাদেশে পানি ব্যবস্থাপনার জন্য টেকসই সমাধান তৈরিতে অবদান রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারী উচ্চপদস্থ কর্মকর্তা, পানি বিশেষজ্ঞ এবং সাংবাদিকসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। — সংবাদ বিজ্ঞপ্তি