যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে চলতি বছর রেকর্ড গড়তে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এরই মধ্যে বছরের প্রধমার্ধে আমদানি ৮ কোটি ৫০ লাখ ব্যারেলে পৌঁছেছে। সম্প্রতি দেশটির শিল্পসংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল।
বিশ্বের চতুর্থ বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশ দক্ষিণ কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন কোরিয়া ন্যাশনাল অয়েল করপোরেশনের দেয়া তথ্যানুযায়ী, দক্ষিণ কোরিয়া জুনে যুক্তরাষ্ট্র থেকে ১ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ২৩ দশমিক ৬ শতাংশ বেশি। এছাড়া জানুয়ারি-জুন পর্যন্ত দেশটির আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
দক্ষিণ কোরিয়ার জ্বালানি তেল পরিশোধন কেন্দ্রগুলো উত্তর আমেরিকা থেকে সম্প্রতি অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে বেশি প্রাধান্য দিচ্ছে। এ বিষয়ে দেশটির শীর্ষস্থানীয় পরিশোধন কেন্দ্রের ফিডস্টক অ্যান্ড লজিস্টিক ম্যানেজমেন্ট সূত্র জানায়, এখনো মধ্যপ্রাচ্য থেকেই সবচেয়ে বেশি অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করছে দক্ষিণ কোরিয়া। তবে পারস্য উপসাগরীয় দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্র থেকে আমদানিতে লজিস্টিক জটিলতা ও ট্যাংকার ইন্স্যুরেন্স খরচ কম। এ কারণে যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত অপরিশোধিত জ্বালানি তেলের দক্ষিণ কোরিয়ার মোট পরিশোধনের ২০ শতাংশ হতে পারে বলে আশা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার একজন ফিডস্টক ম্যানেজার জানান, ভূরাজনৈতিক উত্তেজনার কারণে পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা ঝুঁকিপূর্ণ। এছাড়া এসব দেশ থেকে জ্বালানি তেল আমদানির খরচও অতিরিক্ত। তাই যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার দুই প্রধান পরিশোধন কেন্দ্রের একজন প্রডাক্ট মার্জিন অ্যানালিস্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রে উত্তোলিত অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন দক্ষতা ও ক্র্যাকিং মার্জিন উন্নত। এছাড়া ডব্লিউটিআইয়ের (অপরিশোধিত জ্বালানি তেলের মার্কিন বাজার আদর্শ) স্ফুটনাঙ্ক কম ও পাতন ক্ষমতা মাঝারি।’










